অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

৭ই মার্চ, ১৯৭১ মহাকবির উচ্চারণ - মুহম্মদ বজলুস শহীদ

By Ashram | প্রকাশের তারিখ March 7, 2020 | দেখা হয়েছে : 1125
৭ই মার্চ, ১৯৭১ মহাকবির উচ্চারণ - মুহম্মদ বজলুস শহীদ

জকে একটা প্লাবন হবে, বাঁধ ভাংগা বান, ছুটছে সবাই,
ঘরের তালা বন্ধ আজি, শক্ত বাধন,রক্ত নদী, বইবে জোয়ার।

কিংশুক আর রক্ত পলাস, বুকের মাঝে ফুটছে যখন,
স্বপ্ন তখন একটা জাতির, স্বাধীনতা কিংবা মরণ। 
সূর্য টা আজ নামবে নিচে,সুঠাম দেহে হাজার তরুণ 
উড়িয়ে দেবে বিজয় নিশান, বুকের শ্বাসে, ছুটেছে তারা
জোর কদমে পাগলা হাওয়ায়।
প্রতীক্ষিত একটি শব্দ বাজে দামামায়,
রক্ত গোলাপ রৌদ্র ছুঁয়ে খুশবু ছড়ায়,
স্বাধীনতা। 
জয়োল্লাশের বিজয় কেতন উড়ছে তখন প্রতি ঘরে,
কণ্ঠে সবার জয়বাংলা, প্রিয় নেতার আহ্বানে, 
রুদ্ধশ্বাসে সবাই ছোটে রমনা মাঠে, রৌদ্র ফাটে করোটিতে,
পথের ধুলো আজকে সবার মাথার পরে, 
জামার ভাঁজে,সবাই আজ এক কাতারে
মহাকাব্য শুনবে বলে।

আকাশ থেকে  ডঙ্কা বেজে , নিনাদ যখন হচ্ছে শুরু ,
দুন্দুভিটা উঠলো বেজে, কাঁপলো বুকে দুরু দুরু।                                             
নেমে এলেন আকাশ ছুঁয়ে ইতিহাসের সিঁড়ি বেয়ে,
বুঝিয়ে দিলেন, কামান গুলি তুচ্ছ সবি, 
মুক্তিই আজ রণাঙ্গনে। 

লক্ষ বুকে স্বপ্নবুনি বললে কবি সবার শেষে
আজকে থেকে স্বাধীন আমরা নইকো অধীন কারো কাছে।  
কাব্যকলার রঙ তুলিতে আকাশ ছোঁয়া বিজয় গানে,
সবুজ টিয়ার লাল পতাকা সবার বুকে, প্রলয় আনে।
জয় বাংলা ধ্বনিত হলো সারাদেশের প্রতি কোনে, 
স্বাধীনতা ঘোষিত হলো, মহাকবির উচ্চারণে। 

মুহম্মদ বজলুস শহীদ। অটোয়া, কানাডা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.