জ্বলদগ্নি
যতই দেখি নিসর্গ চিত্রাবলী:
অবসাদগ্রস্ত এক মানবীর আদল যেন
আবার কখনো দেখি ঘাস, লতা-পাতা, ফুল, বৃক্ষ বল্কল;
কখনো দেখি অপলক উঁচু গিরিশৃঙ্গ থেকে আসা
ঝর্ণার কলকল ধারা নেমে গেছে গহীন অরণ্যে,
সর্পিল গতিতে যেন এঁকেবেঁকে কাঁদে নীরবে ।
যতই দেখি নিসর্গ চিত্রাবলী :
মহিষের দল ছোটে দিগ্বিদিক , দিশেহারা যেন
আবার কখনো দেখি উন্মত্ত মাদকতায়
এদিক-ওদিক লাফিয়ে চলে মরদ শূকর ;
বন্য শিকারীর দল ত্রিশূল হাতে অর্বাচীন ক্যানভাসে হাসে -
তেল কালির পুরু আঁচড়ে ভস্মীভূত বনাঞ্চল;
বাতাসে ছড়ায় শুধু দুঃখের দাবানল ।
গুপ্তহন্তা
জীবন দোলন-দ্যুতি বৃক্ষশাখে দেখ
স্রোতস্বতীর বুকে শোন কুলুকুলু ধ্বনি
তৃপণ-তর্পণ চলে সিংহ পরিবারে;
তীর্য্যতেজা শৌর্যবীর্য নিয়ে
হরিণের পালে হানা দেয় গুপ্তঘাতক,
আক্রোশদুষ্ট হয়ে ওঠে সিংহের অব্যর্থ থাবা।
এক নিমিষে আবক্ষ প্রেম নিঃশেষ হয়ে যায় তীব্রবীর্যী হরিণীর,
থেমে যায় সহানুভূতিশীল কোমল হৃদয়ের আকুল আর্তনাদ
মৌন হয় প্রকৃতি প্রগাঢ় ঘৃণায়
হরিণীর নিথর দেহ ছিড়ে খায়
সিংহ শাবকের দল, প্রচণ্ড উল্লাসে;
সিংহীর রক্তাক্ত লালা নরোম ঘাসের বুকে
চকচকে পেখম মেলে
চেয়ে থাকে দুর্নিবার,
আগামীদিনের নতুন শিকারের লোলুপ প্রত্যাশায়।
ঝন্টু চন্দ্র ওঝা
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা
ঝন্টু চন্দ্র ওঝা-’র দু’টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ July 26, 2020 |
দেখা হয়েছে : 1466
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.