কিছু তো আর মনে পড়ে না
কখনো কাফকার পতঙ্গ
কখনো উল্টানো কাছিম
কিংবা জনারণ্যের পাশে
পাতার অলিন্দে মৃত্যুর শোক দীপ জ্বেলে
ঐ দেবদারুর মতো একা
এই তো বেশ আছি
নিমগ্ন সন্ধ্যায় ঘর ফেরা মানুষ
জন্মানতরে করে প্রণাম
পরিচয় হারানো রক্তাক্ত জননীর জঠরে
রুগ্ন কোটি বীর্যের বসে মেলা
আকাশকে দেখি
মৃত্তিকার মায়ায় পিঠ রেখে
শুধু আকাশকেই দেখি
নীল গম্বুজের নীচে
সাদা কাশফুলের মতো বিষণ্ন নরম
একটুকরো মেঘের নৈবেদ্য আর দেখিনা
এ চোখ পুড়ে যাক
এ বোধ মরে যাক
কিছুই তো আর মনে পড়ে না
টোল খাওয়া দীঘির জলে
বৃক্ষ ছায়ার দীঘল বিস্তার
নদীর তরঙ্গে ওঠা ভাটিয়ালি ভাসান
কনক ঝরা পৌষের ভোরে
রমনীয় আঁচলের মখমলি ওম
কোথাও কি ছিলো লেখা এই পরিচয়..?
আমি তো সেই খোকা
একখানি ভালো গুলতির স্বপ্নে
জেগে উঠতো যার সূর্য সকাল
আমিতো সেই খোকা ডাঙ্গুলি আর
রঙিন মার্বেল এর নেশায় বেড়ে উঠতে উঠতে
ফুলের হাসির মতো চিনেছিলাম মানবিক সুখ
কিন্তু এখন আমি যে কেবল যুদ্ধ দেখি
থুবড়ে পড়া জীবনের বধ্যভূমিতে
কেবল নাটাই দখলের লড়াই দেখি
কেবল খুন আর রক্ত আমার শোণিতে
ঘৃণার আলোড়ন তুলে দেয়
হাজার মৃতের সন্তপ্ত ভূমির বাতাসে
কোন মানুষ নয়
আমি কেবল একটি লাশের গন্ধ পাই
মানবতা…!?
কিছুই আর মনে পড়ে না
আমি কিছুই আর মনে করতে চাই না…
বেশ আছি আমি
কাফকার ককরোচ হয়ে..!!
ডিসেম্বর ১৬, ২০১৯
ফরিদ তালুকদার । টরন্টো, কানাডা
মনে পড়ে না -ফরিদ তালুকদার
By Ashram |
প্রকাশের তারিখ December 16, 2019 |
দেখা হয়েছে : 1286
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.