অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

অবিচ্যুয়ারী

By Ashram | প্রকাশের তারিখ March 11, 2026 | দেখা হয়েছে : 196
অবিচ্যুয়ারী

দিনাজউদ্দিন স্যারের হাতের লেখা 
নকল করে লিখে ও শিখে
নাম করে ফেলেছিলাম,
আমার হাতের লেখা জীবনে অনেকের
ঈর্ষার কারণ ছিলো।
রিয়াজউদ্দিন স্যার পরীক্ষার খাতায় নম্বর দিয়ে
পরদিন অন্য পরীক্ষার সময় এসে পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলতেন,
তুমিই এখন পর্যন্ত হাইয়েস্ট,
কি করে তুমি এমন সুন্দর লিখো -বলতো।

সেই হাতের লেখা, কদাচিৎ স্বাক্ষরে এসে ঠেকেছে
সেদিন ন্যুইয়র্কে আঙ্গুলের ছাপ আর স্বাক্ষর দিতে, টেবিলের সামনে কালি বিহীন ডিজিটাল
কলমটা ভালো করে হাতে ধরে
স্বাক্ষর করতে গিয়ে,
টের পেলাম আগের মতো হলোনা।

জীবনটা বদলে গেলো, 
স্বাক্ষরের মধ্যেই প্রথম টের পাই, 
কতো তাড়াতাড়ি বন্ধুরা,
তাদের পত্নীরা লোকান্তরিত হয়ে যাচ্ছে।
আজ আবার আবু -হামিদ ভাই চলে গেলেন।
রংপুরের মানুষ হওয়ায়, একটু বাড়তি স্নেহ ভালোবাসা ওনার কাছ থেকে সবসময় পেতাম।
একটা গ্রুপ ছবিতে দেখলাম, হান্নান, মাহতাব
শাফায়াত, আবু, আটজনের চারজন নাই।

সত্তর পেরিয়ে যাবার সময়, এমন ঝড়!
মনে হয় সব কিছু মিলিয়ে যাবে।
সবার পরকালের একটা নিঃশব্দ ডাক 
অপেক্ষা করছে, 
মনে হয়, 
বাঁশবনে দারুণ হাওয়ার শনশন,
কে যে কখন নিঃশব্দে পথ ধরে চলে যাবে

পদ্মার পাড় রয়ে যাবে,
সেই একাডেমিক বিল্ডিং,
কাশিম/ খালিদ/ তারিক হাউজ সব রয়ে যাবে,
ভেতরে বসবাস করা সেই ১৯৬৬-২০২৪
অজস্র স্বপ্নের সমাধি
হতে থাকবে, এমনিই নিয়ম।

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.