অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

জীবন জমি - শাহ্‌ বাহাউদ্দীন শিশির

By Ashram | প্রকাশের তারিখ November 30, 2017 | দেখা হয়েছে : 3389
জীবন জমি - শাহ্‌ বাহাউদ্দীন শিশির

 

জীবন জমি

১) 
তখন তারুণ্য ছিল বলেই,
দৌড়ে গেছি কতনা ক্রোশ ঊর্ধ্বশ্বাসে।
মৎস্য কুমারীর সন্ধানে ডুব সাতারে,
মস্ত বড় দীঘিটা দিয়েছি পাড়ি।
প্রচণ্ড রোদে আর আষাঢ় শ্রাবনে,
কতনা খেলায় মেতেছি দিনভর।
এতটুকুও হয়নি দেরী,
কোন চলনে কিংবা বলনে।

২)
সময়ের সাথে সাথে সমঝোতা করেই,
এগিয়ে চলেছে জীবন।
কখনও ভুলেও ভাবিনি,
একদিন তারুণ্য যাবে চলে।
ভাবিনি জীবনের বসন্ত একদিন,
চলবে নিরুদ্দেশে অজানা পুরে।
উঠেছি হিজলের মগ ডালে,
ভাবিনি এটা একদিন অসম্ভব হবে।

৩)
বাজি ধরে গিলেছি রসোগোল্লা,
শুধুই খেলার ছলে।
কাঁচা পাকা চুলে আজ,
কির্তনের সুর উঠে বেজে দুরন্ত প্রেমে।
এক একটি বার মনে হয়,
জীবনের প্রতিটি আঙিনায় ফসল।
বাকী রয়নি এতটুকু জমি,
বুনবো আবারো নিজের মত করে।

৪)
ছেলে বেলায় কত ভেবেছি,
কবে হবে আমার- বাবার জীবন।
তবে আজ কেন খুঁজি,
ঐ অবাধ উচ্ছল শৈশবকে।
জানি না কেন আজ সবই,
এলো মেলো লাগে চশমার কাঁচে।
তবুও মাঝে মাঝে যাই সব ভুলে,
মনে হয় এই তবে শুরু রঙ - কাননে।

৫)
হেসেই উড়িয়ে দিয়েছি মাকে,
মা বলেছে তোর অসুখে আমার ব্যথা লাগে।
আজও আমি হাসি,
যখন কিনা আমার জ্বর আসে সন্তানের জ্বরে।
খুঁজে পাই হারানোর মাঝে সুখ,
দেখি সন্তানেরা যখন আছে তারুন্যের সাজে।
নিজেই আবার বুঝি এটাতো জীবন,
হয় শুরু আর শেষ নিয়মে।

৬) 
জীবনের যোগফলে হিসেব মিলে গেলে,
আর না মিললে কি হবে অংক কষে।
চলেছে এগিয়ে তরিতে বা ধীরে,
এক্সপ্রেস বা লোকাল গাড়ীর মতই জংশনে কিবা ইস্টিশনে।
কি হবে শুধু শুধু দোষ খুঁজে সময় হাতরে,
অজানা পথতো থেকেই যাবে পিছে পড়ে।
প্রতিটি জীবন হয় শুরু নানা রঙে রূপে,
রেখে যায় জমি ভালবেসে ফুল আর ফসলে।।

শাহ্‌ বাহাউদ্দীন
নভেম্বর ৩০, ২০১৭
অটোয়া, কানাডা
shah@royallepage.ca

লেখকের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন

ছড়া ও কবিতাঃ শরতে ভালবাসা





Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.