অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

আমাকে মানুষ ভেবে - সোমের কৌমুদী

By Ashram | প্রকাশের তারিখ January 12, 2020 | দেখা হয়েছে : 1586
আমাকে মানুষ ভেবে - সোমের কৌমুদী

হে নবাগত অতিথি, স্বাগতম এই ধূসর পৃথিবীতে
হও যেন নিপুণ কর্মী, এই ধূসর পৃথিবীকে রাঙাতে।

হাঁটবে যখন পৃথিবীর বুকে–
গ্রীষ্মে শুকিয়ে যাওয়া মুমূর্ষু নালা দেখে ভেবো না
প্রকৃতি এমন-ই বিমর্ষ, ঝলমলে ছিল না কোন যুগে!
এই মৃ্ত প্রায় নালা-ই একদিন খরস্রোতা নদী ছিল
নদীর দু’তীরে হাট ছিল–
                       সুখ কেনাবেচা হতো সে হাটে।

পৃথিবীর বুকে হাঁটার সময় হঠাৎ দাঁড়িয়ে গেলে ---
চারপাশের খাঁ খাঁ শূন্যতার রুক্ষতাকে ভেবো না প্রকৃতির রূপ।   
হয়তো তুমি দাঁড়িয়ে আছ কোন গহীন অরণ্যের কেন্দ্রে
পশু-পাখি, গাছের পাতাদের সুখের সংসার ছিল সে বনে।

হে নবাগত অতিথি, স্বাগতম এই ধূসর পৃথিবীতে
হও যেন নিপুণ কর্মী, এই ধূসর পৃথিবীকে রাঙাতে।

হে নবাগত অতিথি, প্রকৃতি তোমার মনে স্নিগ্ধতা ছড়াবে
জীবন গড়তে কিন্তু জীবনের কাছে যেতে হবে,
                           জানতে হবে জীবনের ইতিহাস।
মানুষের কাছে যাও, এই পৃথিবীর ইতিহাস মানুষ-ই জানে
আমার কাছেও আসতে পার, আমাকে মানুষ ভেবে।

সোমের কৌমুদী । ঢাকা, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.