অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

একটি রাতের স্বপ্ন - মুতাকাব্বির মাসুদ

By Ashram | প্রকাশের তারিখ December 2, 2019 | দেখা হয়েছে : 1202
একটি রাতের স্বপ্ন - মুতাকাব্বির মাসুদ

কাল সারারাত রাতের 'পর রাত শুয়েছিলো
গন্ধে মাতাল ফুলের 'পর শুয়েছিলো সাপ
জোছনার রিক্ত শরীরে চপল জোনাকের
স্তনিত নিসাস
মধ্য রাতের কাজল চোখ-দিঘির জলে নীল পদ্ম
তন্বী জলের নিতম্বে দোলে মৃগাক্ষী চন্দ্রালো
চলোর্মির রুপোলী শরীর-চিকমিক চিকন ভাঁজ
চিত্রার্পিত হয় রাতের আঁধার-স্বপ্নভঙ্গের দুঃখ-ক্লেশ
আর অবিন্যস্ত দুঃস্বপ্নের গেরুয়া পাণ্ডুলিপি
জলের ভেতর রাতের একান্ত নিষিদ্ধ অন্তঃপুর
তারারা খুঁজে বিগত যৌবনের উম
চাঁদের উরজে কালো বেড়াল
দক্ষ শিল্পীর মতো আঁকে মৈথুনের চিত্রকলা
পাহাড়ের মৃত্তিকাযৌবনের এবড়ো বুনো চুলে
উর্বশী, রম্ভা, মেনকা-চন্দ্রস্নানে নগ্ন-নক্ষত্রের ছোঁয়া
ডিমের কুসুমের মতো জোছনার হলুদাভ শাড়ি
শিল্প হয়ে ওঠে রাতের নিঃসঙ্গ বুক
বেওয়ারিশ ঝিঁঝির বেদনার্ত রোদনের ভেতর
অতঃপর সোহাগি জোছনার নরম শরীরে
সমর্পিত রাত্রি-পলকশূন্য স্বপ্নঘোর
একটি নির্গৃহ রাতের দুর্জ্ঞেয় কৃষ্ণচোখে
জেগে ওঠে
নুন মাখা শিশির ভেজা স্বপ্ন!

মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.