অটোয়া, সোমবার ২২ জুন, ২০২৬

আত্মজ - সহদেব বন্দ্যোপাধ্যায়

By Ashram | প্রকাশের তারিখ August 25, 2020 | দেখা হয়েছে : 1079
আত্মজ - সহদেব বন্দ্যোপাধ্যায়

মি সেই মেয়ে -
আজ হয়েছি এক নারী
যে আজ জঠরে লালন করে
হয়েছে সম্পূর্ণা - আমি মা!

কাঠফাঁটা রোদ 
কিংবা আকাশ ভাঙা বৃষ্টি 
আঁচলে সযত্নে আড়াল করেছি
আমার আত্মজ - 
আহারে কোনো আঁচ না লাগে!

পঁচিশ বছর - দীর্ঘপথ
অনেক চড়াই -উৎরাই 
আজও বহুদূর থেকে, 
অতীতের ফেলে আসা
খামে ভরা চিঠির কথাগুলো
কন্ঠে ভাসিয়ে নিয়ম করে 
পৌঁছে দিতে ভুল হয়না -
আমি যে আজও মা 
হোকনা রূপোলি কেশ -
সে আমার আত্মজ - 
আহারে কোনো আঁচ না লাগে!

চারিধার আজ আড়াল করেছে
জানিনা কেন শব্দ ক্ষীণ হয়ে আসে,
সে কি আরও দূরে চলে গেল!
আজও টান লাগে নীচে
আজও সেই ছেঁড়ার যন্ত্রণা 
আমায়তো ছেড়ে যায়নি -
আমি কি তবে একা নই?
অন্ধকার কেন ঘিরে আসে
আমার আত্মজ - তুমি কোথায়?
প্রতিধ্বনি হয়ে বার বার 
ফিরে আসে হাহাকার -
দাঁড়িয়ে আছে আত্মজ -
প্রদীপ ভাসায় শৈবলিনী বুকে,
নয়ননীর মিশে যায় -
আজ বড্ড দেরী হয়ে গেল “মা!”

সহদেব বন্দ্যোপাধ্যায়। কলকাতা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.