অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

বিশ্বজিৎ কর এর দুইটি কবিতা

By Ashram | প্রকাশের তারিখ May 2, 2023 | দেখা হয়েছে : 597
বিশ্বজিৎ কর এর দুইটি কবিতা

১) চলো, মিছিলে যাই! 
কাশের ফিসফাস -
হয়তো বৃষ্টি-শব্দ, 
এলোমেলো ঝরাপাতার আলাপন -
বিক্ষিপ্ত জীবনের চালচিত্র! 
নদীও কথা বলে -
পাড়ভাঙ্গা আর্তনাদে, 
বেহিসেবি মত্ততায় -
গাছগুলো কাঁপছিল! 
ওটা ছিল বিদ্যুৎচমক -
ভোরের আলো নয়, 
তপ্ত হওয়ার বাসনায় -
ভালোবাসা পুড়েছিল কামনায়! 
এখন শুধু পথচলা -
ক্ষীণ দৃষ্টির আলোয়, 
চোখের জল মুছে নাও -
চলো, মিছিলে যাই! 

২) চেনা মুখের কবিতা!
বিতার আয়নায় চেনামুখের ভিড়
মৌনমিছিলের মতো নির্বাক
তবুও শ্লোগান অনুভূত হয় 
"পথে এবার নামো সাথী"!
কবিতার আয়নায় চেনামুখের ভিড় 
অপ্রাপ্তির চাপা ক্ষোভের আগুন  
তবুও প্রতিবাদ প্রতিধ্বনিত হয় 
"আমরা অপমান সইব না"
কবিতার আয়নায় চেনামুখের ভিড়
আপোষহীনতায় দৃপ্ত, সাবলীল 
তবুও স্বস্তির নিঃশ্বাস অনুভূত হয় 
"ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়..!"
কবিতার আয়নায় চেনামুখের ভিড় 
মৌলবাদের ষড়যন্ত্রে অবিচল 
স্পন্দিত দিকে দিকে স্বদেশবন্দনা 
"ও আমার দেশের মাটি, 
তোমার পরে ঠেকাই মাথা...!"

বিশ্বজিৎ কর
কলকাতা, পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.