বৃষ্টিকথা ও তুই
অনেকদিন পর 'বৃষ্টিকথা' আজ আমার কাছে
ও'র অনেক কথা, ও বলে যাচ্ছে সারারাত
তোর কথা জানতে চাইছে, তোর কথা বলছে
ও তোকে খুঁজে এসেছে এন ফোর -এ,
অডিটোরিয়াম -এ, জুলজি ডিপার্টমেন্টে
ইউনিয়ান রুমে...
সেখানে না পেয়ে আর ও খুঁজেছে
ডাঙালপাড়ার আমবাগান, তেতুল তলায়....
কোথাও পায় নি, তুই নাকি কোথাও নেই
গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্তে
হৃদয়ঘর জুড়ে তোর জন্য এক শূন্যতা
মেঘমল্লার. রাগ বাজছে সারা রাত জুড়ে
'বৃষ্টিকথা' শান্ত, চারিদিকে বৃষ্টিশব্দ...
আমি ও খুঁজে চলেছি তোকে স্বপ্নে, অক্ষরে,শব্দে
তবু ও দরজা খোলা, যদি তোকে দেখা যায়....
বৃষ্টি/ ২
বৃষ্টিরাত হ্যামিলটনের আকাশ জুড়ে
বৃষ্টিবিন্দু ভাসে বসরায়......
রাস্তায় জলের বন্যা
এখন ভীষণ স্তব্ধ অরণ্যপথ
তবুও মধ্য ডুয়ার্স জুড়ে অনন্ত ঢেউ
ছুটে যায় ডিমা.....
বনজ গন্ধে উড়ে যায় রাতচরা পাখি
চুয়াপাড়ার পথে.....
বৃষ্টি /৩
বৃষ্টি বিকেল ক্রমে ক্রমে বৃষ্টি রাত
কেন্দুয়া ডাঙায়
কল্যান সংঘে ষাট ওয়াটের আলো
সামনে শতরঞ্জি ও খোলা 'যুগান্তর'
কয়েকজনের হাতে রুইতন, হরতন, ইস্কাপন
বৃষ্টিশব্দ টিনের চাল বেয়ে নীচে...
ভেঙে যাওয়া শব্দছন্দ
জলপ্লাবন রাস্তা জুড়ে
উজানে পুকুর ভাঙা মাছ
ভেসে যায় কাগজ নৌকা......
অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা, ভারত
অরিন্দম চট্টোপাধ্যায় এর কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ June 30, 2020 |
দেখা হয়েছে : 1412
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.