চন্দ্রের গ্রহণেও সৌন্দর্য খুঁজে বেড়ায় যে মন,
হয়তো হতে পারতাম তাদেরই একজন
আমি বলতে পারতাম একভোর শিশিরের গল্প, চড়ুইদের ব্যাস্ত গৃহস্থালির খুঁটিনাটি,
সদ্য চোখ মেলা ক্রিসেনথিমামের সাথে—
রঙিন ডানা প্রজাপতির কথোপকথন...
বলতে পারতাম এমন সবকিছুই
কিন্তু পারিনি!
কবিরা বিষাদ লিখে
আমি কবি নই
তবু কেন যেন এই সবকিছু আজ এক বিষাদী গাঁথা হয়ে ঝরে পড়ে হৃদয়ের অতল ঝুড়িতে!
ঘামের দামে নিত্য কেনা জীবন
সূর্য মানে এখানে কোনো হাসি নয়
রাত্রি মানে অন্ধ বলয়ে এক নির্ঘুমের আকাশ বন্দনা
বিলাসী মন ও মেঘের সংঘর্ষে চাপা পড়ে যায়
অবশিষ্ট বোধের খুচরো আনা-দু'আনা!
সিদরাতুলমুনতাহার গল্প টানে না কিছুই আর!
স্বপ্নের সিঁড়ি পথে পৃথিবীই তো ছিলো শুধু এক ঘর
মেনে নিয়ে আপোষী অভিধান,
শান্তির অন্বেষায় নত হতে হতে এ দেহ এখন এক সদা কুর্নিশ গ্রস্ত অবয়ব
আগুনের সাথে সখ্যতায় সকাল-সন্ধ্যা কাটে যার হাপরের জীবন, ভয় কি জাহান্নামে!
বিস্মৃতি কেড়ে নিক সব এই হরিদ্রাভ দুঃখ, তীরের ফলার মতো অবজ্ঞা, সন্ধ্যার উপকূলে দাঁড়িয়ে সারাদিনের কাঙালপনায় সঞ্জীবিত ভালোবাসা…
পথ খুঁজে নিক সব ওরা শ্মশানের!
ভুলে যাবো সব…
বিষণ্ণ রাতের তার ছুঁয়ে একবারও যদি বেজে ওঠে সেই সুর---
পরিত্যাক্ত তোর বীণায়!!
ফরিদ তালুকদার। কানাডা
হারানো সুর - ফরিদ তালুকদার
By Ashram |
প্রকাশের তারিখ April 1, 2022 |
দেখা হয়েছে : 650
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.