জীবন আর সময় এক সমান্তরাল বিমূর্ত পাণ্ডুলিপি
কেউ কারো হাত ধরে হাঁটে না
চোখের মতই পড়শী দুজন
কারো সাথে কারো কথা নেই দেখা নেই
মায়ার দুনিয়া একজন কাঁদে তো আরেকজন কাঁদে
অহরহ কলিজার ভেতর রক্তজলের ঢেউ!
বিধ্বস্ত পর্বতের বুকও মায়ার বরাভয়
চাপা পড়া অতি সূক্ষ্ম তৃণ-গজায় অতুল বিশ্বাসে
বিষাক্ত শঙ্খিনীর ছোট্ট বুকেও বিশ্ব সমান
কুহকের খেলা- তারই ফুটফুটে ছাওয়াল
সাঁতার কাটে বুকের ভেতর
শরীরের সুস্বাদু দীপ্তিময় উজ্জ্বল অন্ধকারে!
কালো ফিঙের বুকেও বিনিদ্র মায়ার উন্মাদনা
সুবিন্যস্ত ডানার ছাপরার নিচে মায়াবী রোদ
সুসংযত যত নিঃসঙ্গ উষ্ণতা
হিমাদ্রীর তলপেটে মায়ার ঢেউ
চোখের চৌকাঠে পরাবাস্তব মায়াহরিণীর কঙ্কাল
উদ্ভিন্নযৌবনা গঙ্গা-শরীর তার মায়ার আবরণে জলে-ঢেউয়ে একাকার!
অতুল মায়ায় নদীর ভাঙ্গে বুক
প্রাগৈতিহাসিক বটের ছায়ায় হলুদ পাতার আড়াল
কোনো এক নির্জন দুপুরে-বিবর্ণ আলোয়
দোয়েল তুলে অবিনাশী মায়ার শিস
মৃন্ময়ী তবুও তার দুরারোগ্য শরীরে
সফেদ কাফনের মতো আজন্ম মায়ার
মোহারানা হাতে নিঃশব্দে কাঁদে
আর সে মায়া গুমরে গুমরে নদীত হয়
স্তনিত হয় নীলকন্ঠ পাখির পালকে-বৈষ্ণবী আকাশে
মায়ার আঁচলে মৃগাঙ্ক লুকায় মুখ!
মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ
মায়ার মোহারানা - মুতাকাব্বির মাসুদ
By Ashram |
প্রকাশের তারিখ February 25, 2020 |
দেখা হয়েছে : 1278
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.