আবার কখনো কোন কড়কড়ে রোদমাখা দিনে,
ধুলিমাখা গোধুলিতে, কাকডাকা ভোর রাতে;
আমি আসবো-ই ফিরে, আমি ঠিক আসবো-ই।
নিজের ঠিকানা নেব চিনে।
যেখানে সবুজ ঘাসে বুনোফুল খায় লুটোপুটি,
কচিকাঁচা সোনাদের, নীল প্রজাপতিদের,
ঠোটরাঙ্গা পাখিদের, আর সব বাকিদের
অকারণ শুধু ছুটাছুটি।
যেখানে ঝোপের আঁড়ে আলো জ্বালে জোনাকির ঝাঁক,
জমিনের জোনাকিরা আর আকাশের তারা,
কেউ নয় কারো পর নেই কোন ভেদাভেদ,
রাখেনাকো কোনই ফারাক।
রাতের আঁধারে যেথা ডেকে ওঠে শেয়ালের দল,
বন বিড়ালের ছানা,হামেসাই দেয় হানা,
ঝাউশাখে ডাকে পেঁচা; ব্যাঙেরা ঝিঝিরা মিলে
সুর তুলে করে কোলাহল।
যেখানে মেঘেরা ভাসে নীলাকাশে সাদা কালো ঘুড়ি,
নিচে ফসলের ক্ষেতে, দোলা দিয়ে যেতে যেতে-
বাতাসেরা বলে ডেকে, আয় সবে খেলা করি
মাটির নরম বুক জুড়ি।
আবার কখনো কোন ঝলমলে রোদমাখা দিনে,
ঘুঘুডাকা দুপুরেতে,ঘুমভাঙা মাঝরাতে
ভরা জোসনার সাথে, আমি ঠিক আসবো-ই।
নিজের ঠিকানা নেব চিনে।
দুলাল রায়
নীলফামারী, বাংলাদেশ
পিছুটান - দুলাল রায়
By Ashram |
প্রকাশের তারিখ September 16, 2020 |
দেখা হয়েছে : 1133
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.