মেঘে লেগে আছে রোদ
তুমি ঠিক জানো না,
মেঘে লেগে আছে রোদ।
লেগে আছে হেমন্ত।
আমাকে রোজ পড়ে আকাশ।
তুমি ঠিক জানো না,
তুমি, তুমি আমার কবিতার হাজার পঙক্তি।
তুমি আমার শেষ অপেক্ষা।
জানি, তুমি আজ আর একা নও!
তোমার সাথে আছে তোমার ছায়া।
ডাকপিওন আর আকাশ ছাড়া
কেউ আমার ঠিকানা জানে না।
কেউ ঠিক জানে না।
তুমি একদিন আমার আঙুল ধরেছিলে,
একদিন আবার সরিয়ে নিয়েছিলে হাত,
মেঘবিরহের তুমুল ঝড়ের রাতে।
গ্যাংটক
রাতের ঘুম ঘুম জোনাকি আলোয় ক্রমশ
সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র মেলে ধরছে
বিস্ময়ের নানা পরিচ্ছেদ।
সিঁড়ির ধাপে ধাপে আফিমের ঘোর,
চিলেকোঠায় বিদেশি তামাকের ঘ্রাণে
আশপাশের বাড়িঘরও ডুবে আছে
অন্ধকারের নির্জনতায়।
ঝোরার ধারাবাহিক শব্দে কেঁপে ওঠে রাত,
কাঞ্চনজঙ্ঘার ঘুম।
কেঁপে ওঠে শুনশান পাহাড়ি কুয়াশাপথ...
এই শহরে কিছুদিন ছিল আমার বসবাস।
সুধাংশু রঞ্জন সাহা
কলকাতা, পশ্চিমবঙ্গ
সুধাংশু রঞ্জন সাহা-র কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ November 9, 2020 |
দেখা হয়েছে : 971
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.