অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নির্মল ভৌমিক’র দু’টি কবিতা

By Ashram | প্রকাশের তারিখ October 30, 2020 | দেখা হয়েছে : 1058
নির্মল ভৌমিক’র দু’টি কবিতা

ভালোবাসার বৃষ্টি
ক পশলা বৃষ্টি চাই 
ভালোবাসার বৃষ্টি,
অনেকদিন হলো বুকের ভেতর
ধূ ধূ মরুভূমি! 

বৃষ্টি হীন খরতাপ নগরীতে 
প্রাণ জ্বলে যাচ্ছে, 
জল নেই রস নেই 
পিপাসায় ছাতী ফেটে যাচ্ছে!

ভালোবাসার এক পশলা বৃষ্টি চাই
এখনই চাই,
বৃষ্টির জলে তোমাতে আমাতে 
মিশে একাকার হতে চাই।

বৃষ্টির জলে জলকেলি হবে
হৃদয় ভূমি উর্বর হবে,
প্রাণ ফিরে পাবে আমাদের প্রেম নগরী
তোমার অঙ্গ ভিজাবে
আঁচল ভিজাবে
ভালোবাসার এক পশলা বৃষ্টি।

বিদগ্ধ প্রায় নগরীর উত্তপ্ত যন্ত্রণা 
ম্লান হবে,
অনুর্বর ভূ-খণ্ডের গায়ে জমবে পলি
জলের অভাবে শুকাবে না 
বুকের ফসলিয়া জমি
যদি হয় ভালোবাসার এক পশলা বৃষ্টি।

অসুখ
দেহের অসুখ সেরে যাবে 
হপ্তাখানেক পরে,
অসুখ করেছে মনে সবার
চেতনা যাচ্ছে ঝরে! 

উগ্রপন্থী ধর্ম ব্যবসায়ী 
বাড়ছে চক্রাকারে 
সমাজ যাচ্ছে রসাতলে 
হিসেব করলে পাবে!

ঘুন ধরেছে জাতির মগজে 
শিরদাঁড়া পড়ছে ভেঙে 
সমাজ নিচ্ছে লুটেপুটে 
কাঠমোল্লা নাচে!

অসুখ করেছে মনে সবার
আগুন লেগেছে বুকে,
চলতে গিয়ে উচিৎ বললে 
পড়বে যে ভাই ফাঁদে!

মানুষ ভাবতে লজ্জা লাগে 
বিবেক ভরেছে বিষে,
পশুদেরও শৃঙ্খলা আছে 
মানুষের নাই এই যুগে! 

অসুখ করেছে মনে সবার 
আগুন লেগেছে বুকে,
ডাক্তার বদ্যি হাসপাতাল আর ইমার্জেন্সি 
যাচ্ছে তাই পুঁজিবাদীর দলে!

কেউ করছে উলঙ্গ 
কেউ করছে বলাৎকার 
দেশটা আমার লণ্ডভণ্ড 
অসুখ করেছে সবার!!

নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.