অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

জল নেই ঢেউ নেই - মুতাকাব্বির মাসুদ

By Ashram | প্রকাশের তারিখ January 25, 2020 | দেখা হয়েছে : 1118
জল নেই ঢেউ নেই - মুতাকাব্বির মাসুদ

দানীং বুকের মধ্যে এক শূন্যতার পুকুর।
জল নেই,ঢেউ নেই!
বিষণ্ণতায় হারিয়ে যায় আমার পরিচিত বিকেল
ক্রমাগত এক যাযাবর সন্ধ্যায়!

দুর্লঙ্ঘ দেয়ালে আড়াল লোভনীয় কমলার বাটি
মাতাল পশ্চিমের লাল পাঁজরে ডুব পাড়ে
পাখির শিসে আমার স্বপ্ন নিয়ে।

গোধূলির ধূলোয় ওড়ে আমার কল্পনার ঘোড়া।
বিপন্ন সময় ;কষ্টের হিমালয় থেকে নেমে আসে
কাফনে মোড়া বরফনদী।
গোপাঙ্গনার পাণ্ডুর চোখ, ভাঙা পাড়,
প্লাবিত নরম চিকন ব্যথায়।

মনের আঙিনায় সোহাগি কইতর খেলে
অভাগী ফড়িংয়ের মস্কানো ডানায়,
অন্ধ নিয়তির রঙিন ঘুড়ি নিয়ে।

নাটাই আজ হারিয়ে গেছে
দরিয়ার বেসামাল ঢেউয়ের তোড়ে
মাঞ্জা সুতোয় আটকে গেলো
বাদামি চিলের ডানা
সুতো বলার সময় কই ?

একদিন মনের আনন্দে পরিচিত এই আকাশে
সুতো ছেড়েছি যত সহজে
ভাবিনি কখনো বেলা শেষে
সুতো বলা কঠিন !
আমার স্বপ্নের ঘুড়িও ওড়েনা আর আগের মতো!

মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.