অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

ইলিশ - বাসনা রায়

By Ashram | প্রকাশের তারিখ July 11, 2020 | দেখা হয়েছে : 1004
ইলিশ - বাসনা রায়

লিশ তুমি বেজায় দামী
ভালোবাসি তোমায় আমি।
তোমার স্বাদে, তোমার গন্ধে
বিভোর থাকি দিবসযামী।

তুমি সবার প্রিয় জানি
মৎস্যরাজা তোমায় মানি।
তোমার রূপে, তোমার গুণে
বাজার থেকে কিনে আনি।

গরিব তোমার পায়না নাগাল
তাদের ঘরে ভাতের আকাল।
ধনীরা সব খায় যে তোমায়
ইচ্ছেমত সকল সময়।

তোমায় নিয়ে রম্যকথা
রসিক লেখে মনের ব্যথা।
লোনাজলের কথকতা
লিখতে গেলে ভরে খাতা।

জন্মদিনে বিয়ের দিনে
খাদ্যরসিক তোমায় কিনে।
জামাইবরণ হয় যে চাপা!
না যদি হয় তোমার ভাঁপা!

নববর্ষে তোমায় বিনা
উৎসব হয় যে বর্ণহীনা।
দেশবিদেশে তোমার সুনাম
তাইতো জানাই তোমায় প্রণাম!

বাসনা রায়। মাগুরা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.