আমি
তোমার গায়ের গন্ধ পাই
আমার গন্ধ পাওনা!
আমি
তোমার ভেতর আমাকে দেখি
আমাকে দেখো না!
আমি
দেখি কালের দিগম্বর আঁধারে
মহাকালের বস্ত্রহরণ
ভৌতিক পেঁচার নীলাম্বরী চোখে
তুমি মৃত্যুর মত বরফ-নীল অনলে
উন্নিদ্র সুখের বাসর সাজাও
স্রোতস্বিনী ঝরনার জঙ্গম জলের ধারায়
হিমশীতল স্তনে
হলুদেনীল-ঝরা পাতার কান্না তুমি দেখো না!
আমি
তোমার চোখের তারায় অনলপ্লাবনে ভাসি
নদী যেমন দরিয়া খোঁজে তেমনি তোমাকে খুঁজি
আমি
দুরূহ দুঃসময়ের দুর্লঙ্ঘ্য চিত্র আঁকি
বিধবা দীপাবলির আলোহীন
স্যাঁতস্যেঁতে জঘনে-তোমার শরীরের কাছাকাছি
পাখির ডানায় মরা রোদ নিয়ে খেলি
তোমারি মূর্তি বুকে-নক্ষত্রের আল্পনা
দূর আকাশে-বিবাগী দরিয়া-কুমারী মোহনা
তুমি দরদি সৌচিক রক্তজবার মসৃণ পাপড়িতে
নিপুণ হাতে বানাও জীবনের স্যূতি
তোমার বুকের ভেতর সফেদ কাফনে মোড়া
নোনতা জলের ঢেউ
সে ঢেউয়ে আমি ভাসি আর ডুবি
তুমি তা দেখো না!
বস্তুত
তুমি আর আমি একই শূন্যে বিচরণ
শূন্যের ভেতর শূন্য
কখোনই দৃশ্যমান হয়না!
মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ
দিগম্বর আঁধার - মুতাকাব্বির মাসুদ
By Ashram |
প্রকাশের তারিখ January 11, 2020 |
দেখা হয়েছে : 1134
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.