মনে রাখিস…
রংধনুর মাতমে সন্ধ্যার এই আকাশ, খোলা হৃদয়ের দুয়ারে
এমন করে আর ডাকবে না কোনদিন
বুকের উতলা পালে ঝড় তোলা বেদুঈন এই বাতাস
এমন করে আর ফিরে আসবে না কোনদিন
মনে রাখিস…
তবুও মনে রাখিস…
জীবন তো এক তারে বাঁধা এক সংগীত
আর্তনাদের সুর তুলে ছেদ পড়ে তাতে যখন তখন হঠাৎ
হয়তো একদিন মাকড়সার জালে আটকে পড়ে
অণুজীবের মতো বিবর্ণতায় ঘ্রাণ হারাবে এই দিন, এই বেলা
মনে রাখিস…
তবুও মনে রাখিস….
পুরনো পথের বাঁক সহসাই হারিয়ে যায় নূতন পথের নেশায়,
সময়ের কালো অহংকার অট্টহাসিতে বরণ করে নেয়
প্রেমাঞ্জলি কুসুমের যুগল মরন
যদি নিয়তির দ্বিধাহীন গন্তব্যে জেগে উঠে জীবনের ধূসর চরাচর
মনে রাখিস…
তবুও মনে রাখিস…
সৃষ্টির নূতন খেলায় মগ্ন সময়…
কিছুই ফিরিয়ে আনবে না তার অমূল্য উপহার
এইসব বৃষ্টি ভেজা বিকেল,
অরণ্যের সিক্ত কুন্তলে নেমে আসা নক্ষত্র ছায়াপথ,
হৃদয় আকাশে ঢেউ খেলা সবুজ আলোয় প্রসারিত তরঙ্গ,
প্রজাপতির নীল ডানায় কাশফুল জীবনের ঘ্রাণ, সব…
বিস্মৃতি গ্রাস করে নিবে তার আপন সঞ্চয়ে
মনে করিস…
তবুও মনে করিস কোনদিন…
যদি আকাশ মাটির মিলন ব্যর্থতা লেখা হয় চিরতরে একদিন…
মূল্যহীন কাগজের পাতায় লিখে নাম,
যদি অবিনাশী প্রেমের সওদা হয় জীবনের হাটে
কাবিন কবজে,
যদি তোর বুকের কস্তুরী সদন খুলে কোন আজনবি পুরুষ,
সাজিয়ে নেয় ধীরে তার পরিকল্পনার সকল রাজ্যপাট
জানি তুই পারবি ঠিক শিখে নিতে মানিয়ে নেয়া জীবনের পাঠ
মনে করিস…
তবুও মনে করিস…
সংসার তো এক ব্যস্ততার ব্যকরণ,
জীবনের সব পুরনো ঘাট যেখানে শুধু এক অভিলাষী যন্ত্রণার সুর
তবুও…
আঁচলের খুঁটে মুছতে মুছতে কপোলের ঘাম
যদি কখনো রুধির হয়ে ঝরে অন্যমনস্কতা, পরিযায়ী মনের পাতায়
মনে করিস তখন কোন অবেলায়…
যদি হৃদয়ের বাঁধ ভাঙা কোন রাতে,
নিশীথের শ্রাবণ তার সহস্র বছরের সঞ্চিত হুতাশন নিয়ে
আছড়ে পড়ে পূবের বাঁশের ঝাড়ে
যদি উল্টে দিয়ে যায় বিস্মরণের সব পাতা একে একে…
খর দুপুরের রৌদ্র ছায়ায়, বৃক্ষের সেই মূলে,
হাতে উৎকন্ঠা পীড়িত এক লাল ফুল,
প্রতীক্ষার স্নানে সিক্ত আমাদের প্রথম নিবেদন
থর থর অধরে জমে ওঠা আরক্তিম ভালোবাসার অচেনা অভিসার
মনে করিস…
শুধুই মনে করিস…
কৃষ্ণ তিথির কোন রাতে ডুবে যেতে যেতে ভাঙা চাঁদ
যদি তার দীর্ঘশ্বাসে ডেকে যায় পুরনো কোন জানালায়
যদি ডেবুসির ক্লেইর ডি লুন, (Clair De Lune, Piano by Debussy)
রূপালী ফোঁটায় ঝরে বিনিদ্র চোখের হিমানি পাতায়…
খুঁজে নিস আমায় তখন, তোর হৃদয়ের বিষণ্ণ সুন্দরের ছায়ায়
ক্ষুধার ত্রাসে ত্রস্ত এই গ্রহ
এখানে আকাশ ছোঁয়া ইমারতের চেয়ে অনেক বেশী কঠিন
সাহসী ভালোবাসার কুটির নির্মাণ
তবুও হেরে যাবো না আমরা নীলিমা…
ভাসতে ভাসতে জীবনের ভেলায়ও যেদিন নেমে আসবে ক্ষয়
সেদিনও আমরা গেয়ে যাবো মৃত্যুহীন ভালোবাসার এই গান
দীপ নেভা রাতের চোখে যা কিছু মর্মব্যাথা
মনের দুকুল ছাপিয়ে হিমাচল হয়ে ওঠা যা কিছু বেনামী বৈরাগ্য
তার সবটুকুতেই হবে আমার নিরঙ্কুশ দখল
হয়তো সত্যিকারের আলোর মুখোমুখি হবে পৃথিবী একদিন
ভোরের পাখির কন্ঠ হয়ে সেইদিন তোকে ডেকে যাবো আমি
গরাদহীন জীবনের কোন জানালায়….
তুই তৈরী থাকিস নীলিমা…
ঊষার সেই বাতাসে মেলে দিয়ে মিলনের অনন্ত বাসনার ডানা
সেইদিন…
এমন লক্ষ পৃথিবী পাড়ি দেবো আমরা জোড়া বালিহাঁস…!!
ফরিদ তালুকদার
টরোন্টো, কানাডা
অন্য জানালা - ফরিদ তালুকদার
By Ashram |
প্রকাশের তারিখ September 21, 2020 |
দেখা হয়েছে : 916
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.