অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

অনুভব - বিজয় কর্মকার

By Ashram | প্রকাশের তারিখ July 28, 2020 | দেখা হয়েছে : 1383
অনুভব - বিজয় কর্মকার

শূন্য থেকে মহাজাগতিক শব্দ গুলি
পরাবাস্তবতার দিকেই হেঁটে যায়
"আমি তারে পারি না এড়াতে"
তবে তার দিকে করমর্দনের
হাতও বাড়াই না। জানি সে হাত
ছুঁয়ে দিলে ছুমন্তর ভেলকি!
মদালসা যুবতির হাঁটাচলা
নিপাট কৌমার্যের দিকে ছুঁড়ে দেওয়া
একাঘ্নি বাণ শরীরে গেঁথে
কতকাল একা চলা?
বিষন্নতার সঙ্গে গলাগলি
কতকালের-রাত্রি দিন কাটিয়েছি
অনেক বছর মাস পাশাপাশি।
তবু সেই মগ্নচৈতন্যের  ভিতরে 
কামনার কীট এসে বাসা বাঁধে
"আমি তারে পারি না এড়াতে"
সে আমায় কুরে কুরে খায়
ডোবায় ভাষায়। অলীক সময়
প্রহেলিকাময় মোহমুদ্গর শেখায়।
তবে একই সময়ের বীজতলায়
কিছু বাকি আছে বপন?
দুর্নিবার দূর্লক্ষ‍্য অশনি সংকেত
অলক্ষিত থেকে গেছে
কুয়াশায় মুহ‍্যমানতায়?
ঝড় ওঠে হৃদয়নন্দন বনে
পদ্মের পাপড়িগুলি ঝরে যায়।
অবিরত কুবাতাস এসে
ফিসফিস করে কিছু কুমন্ত্রণা-
নিজের অস্তিত্ব রক্ষায় শামুকের
মত নিজেকে খোলসে গুটিয়ে
নৈঃশব্দের অবিরত সন্ধান।

বিজয় কর্মকার,
হরিপাল, হুগলী, 
পশ্চিমবঙ্গ, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.