অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মীরা মুখোপাধ্যায়ের দু’টি কবিতা

By Ashram | প্রকাশের তারিখ January 9, 2020 | দেখা হয়েছে : 956
মীরা মুখোপাধ্যায়ের দু’টি কবিতা

ব্রেক আপ 

শুধু অন্ধকারই ছিল মুখোমুখি বসিবার
আলুলায়িত কিছু কথা

আমাদের  মধ্যে শুধু ফিরে যেতে হবে
এরকম ব্যস্ততা,দলা বাঁধা কষ্টপিন্ড
যেন তার মাতৃভাষা আমি ভুলে গেছি আমি 
এইসব...

তার নাম কি জানি কি,সম্ভাষণে কৌল কোন প্রথা
আদিম  আচার  কিছু....
ফেরার  সমস্ত পথই উষ্ণতায়  ভরে যে রেখেছে
আঙ্গুল  ছোঁয়ার ছলে
সে হারিয়ে যাবে ল্যাবিরিন্থের কোন আলো আঁধারিতে, ভাবতে কষ্ট  হয়।
আলুলায়িত কথাগুলি একটি  একটি করে
মিশে  যায় শূন্যতায়, ইথারমন্ডল থেকে দূরে।
জেগে ওঠে পুনরায় নৃত্যের  পরের স্টেপ
ওয়ান টু থ্রি  ফোর ওয়ান টু........

শূন্যতার কবিতা

একদিন সবকিছু শেষ হয়ে যায়, 
সব আলো নিভে  যায়, সমস্ত নির্মোক ঝরে পড়ে
শুধু এক শূন্যতা  কৃষ্ণ  গহ্বরের মতো  একা
তার রোগা হাত পেতে বসে  থাকে।

এমনকি যেসব মৃত্যু , রূঢ় প্রত্যাখ্যান অথবা
জ্যোৎস্নায় ভেসে যাওয়া দূরে  
তাও মনে হয় একে অন্য কোন জন্মের কাহিনী,
খুব ফিকে 

ঐ যে বললাম  রোগা হাত.....
কিছুই চাওয়ার নেই তবু পাতা 
হয়তো  অভ্যাসবশে।  
ধূসর  বাকলগুলো রোগা রোগা নিস্পৃহ  আঙুলে
হাওয়ায় ভাসিয়ে দেওয়া দূরে , দূরে  আরও দূরে 

মীরা মুখোপাধ্যায় । তেলিপুকুর, নদীয়া

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.