অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কাঁটাতার - বদ্রীনাথ পাল

By Ashram | প্রকাশের তারিখ April 2, 2021 | দেখা হয়েছে : 1207
কাঁটাতার - বদ্রীনাথ পাল

পারের পাখি গান গায়, তার সুর ভাসে এই পারে-
রুদ্ধ হয় না সে তো কোনোদিন সীমানার কাঁটাতারে।
এপারের বায়ু ওপারেতে বয় আপন খেয়ালে খেয়ালে-
বাধার প্রাচীরে ফিরে সে আসে না কাঁটাতার দেওয়া দেওয়ালে।

এপারের ফুল বিকশিত হলে ওপারেতে যায় জানা-
সৌরভ তার শোনে না কখনো ওই কাঁটাতার মানা।
চাঁদের জোছনা রবির কিরণ সমান দুপারে ঝরে-
ক্ষমতা কোথায়, তাকে কোনোদিন কাঁটাতার ভেদ করে!!

ওপারে আজান এপারেতে আসে মলয় সুবাস বেয়ে-
ঢাকের বাদ্যি ওপারেতে যায় আগমণী সুরে ধেয়ে।
"কাঁটাতার"! তুমি পেরেছো কি কভু কাহারেও বাধা দিতে?
পেরেছো শুধুই বিশ্বাস আর ভালোবাসা কেড়ে নিতে।

বদ্রীনাথ পাল
বাবিরডি, পুরুলিয়া
পশ্চিমবঙ্গ, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.