রাত যত বাড়ে
একটি পরকীয়া কবিতা আমাকে
আহ্বান করে; সে তার গোলাভরা শস্য
আমাকে দেখাবে বলে নিয়তির মতো টানাটানি করে।
সে এত অসঙ্কোচ ও দুঃসাহসী যে, আমাকে
পালিয়ে বেড়াতে হয় একটি সত্তা থেকে অপর সত্তায়,
এক কানাগলি থেকে অন্ধকূপের মর্মান্তিকতায়। আর
গত ফাল্গুন মাসে
আমি খুঁজে-পেতে ডেকে এনে বুকে বসিয়েছি
আমার মৃত্যুদূতকে। সে এখন
মাঝে-মধ্যে আমার শরীরে ছড় ঘষে
সুরের সিম্ফনি ছড়ায়।
সর্বশেষ সাক্ষাতে সে তার
সাফল্যের বয়ান দিতে দিতে
ভাদ্রের একটি দুপুরকে অন্তঃসারশূন্য করে
চলে গেছে চোখে গাঢ়-নীল
সানগ্লাস পরে।
আমি স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য দীর্ঘকাল
চুম্বন করেছি ছন্দের বাঁট,
রঙ ও রেখার সমান্তরালে লালন করেছি
পদিপিসির বর্মিবাক্সের চোখ-ধাঁধানো
অলঙ্কার, যা আমাকে একদিন
সাম্রাজ্য দান করেছিলো।
গত রাতে একটি কবিতা
ধলপ্রহরে আমাকে ডেকে তুলল
নিদ্রার গহীন ডুব-সাঁতার থেকে,
বলল, অনেক স্বপ্ন দেখেছ, এবার একটু
বাস্তবতা দেখ।
আমি নিষ্কলুষ চোখে দেখি
চারপাশের অপূর্ব সব দৃশ্য
গলিত লাভা হয়ে ছুটে যাচ্ছে
দিগন্তের পানে!
জিল্লুর রহমান প্রামানিক
রংপুর, বাংলাদেশ
একটি পরকীয়া কবিতা - জিল্লুর রহমান প্রামানিক
By Ashram |
প্রকাশের তারিখ March 15, 2022 |
দেখা হয়েছে : 1130
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.