আলবিদা
আমাকে এবারে আলবিদা বল পাখি
দূরে চলে যাব,ফেরা তো হবেনা আর
এত বোবা স্মৃতি কীভাবে যে ঢেকে রাখি,
এগোতে গেলেই ঘিরে ধরে বারবার।
কত ভাল হত, তুমি যদি উড়ে যেতে
শ্রাবণ আকাশে চাতক যেভাবে ওড়ে
নতুন মেঘেতে কত না সঙ্গী পেতে
খুব ভালবেসে রাখতে আপন করে।
গুমরে গুমরে মনমরা দিন-রাত
চারদিকে শুধু থমথমে আর কালো
এগোতে পারিনা, পিছোলেও গিরিখাত
সেসব জেনেও কেন যে বেসেছ ভাল!
ডানা ভেঙে গেছে, দু'চোখে আসে না ঘুম,
আমাকে এবার বিদায় জানাও পাখি;
যদি ফিরে আসে ভাল কোনও মরসুম
রক্তের দাগ ডানায় লুকিয়ে রাখি...
পুনরুত্থান
নিভু নিভু আকাশে যেই ঘনিয়ে এল মেঘ
তোমার চোখের তারায় তারায় দেখেছি উদ্বেগ।
অনেক চেনা কেমন করে খুব অচেনা হয়
জীবনখাতা গোলকধাঁধা সরলরেখা নয়।
শান্ত জলে হঠাৎ হঠাৎ ছলকে ওঠে ঢেউ
ঘুমের মাঝে চমকে দেখি পাশেতে নেই কেউ।
নেই তাতে কি, একলা বাঁচি, একাই টানি দাঁড়
স্বপ্ন দেখি আকাশ ছোঁব, সমুদ্দুরের পার...
বিরহ
সেটা স্পষ্ট ভাবে খোদাই হয়ে আছে
সেটা মরতে গিয়ে আবার বেঁচে ওঠে
তাকে মারব বলে মিথ্যে ছোটাছুটি
সেটা রোজ সকালে পদ্ম হয়ে ফোটে।
সেটা হারিয়ে গেলে দারুণ ভাল হত
সেটা অনেক বেশি কষ্ট বয়ে আনে
সেটা দিনের শেষে নিদ্রা কেড়ে নেয়
সেটা কাঁটার মত বিঁধেই থাকে প্রাণে।
তাকে এড়িয়ে যেতে দু'হাতে চোখ ঢাকি
তাকে ভুলব বলে মিথ্যে ছুটে মরি
তার মায়ার জালে বদ্ধ আমি আজও
তার গভীর জলে ডোবে আমার তরি।
তার শীতল বিষে জ্বলছে গোটা দেহ
তাকে ভুলব বলে তিলক মাটি আঁকি
তার আবছা মুখে কাপড় ঢেকে দিলে
তার স্মৃতির কথা বলে ভোরের পাখি।
আশ্চর্য
প্রতিটা মানুষ খুব ভালবাসা চায়
ভালবাসাকে বুকে জড়িয়ে, আগলে রেখে
ভালবাসার গভীর জলে অবগাহন করতে
চায় সকলেই।
সকলেই চায় ভালবাসাকে ধরে রাখতে
ভালবাসা মেখে পথ চলতে।
সকলেই বোঝে-
পৃথিবীতে আমরণ প্রেম আর ভালবাসা ছাড়া
আর কিছু নেই।
তবু মানুষ কেন ভালবাসতেই শিখল না?
তবুও মানুষ কেন সবচেয়ে কম মূল্য দিল ভালবাসাকে?
এই দুনিয়ার এটাই সবচেয়ে বড় আশ্চর্য...
সুদীপ্ত বিশ্বাস। রানাঘাট
সুদীপ্ত বিশ্বাস-এর কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ November 26, 2020 |
দেখা হয়েছে : 962
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.