অটোয়া, মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

গ্রামের খবর - শক্তিপদ পণ্ডিত

By Ashram | প্রকাশের তারিখ October 2, 2020 | দেখা হয়েছে : 1172
গ্রামের খবর - শক্তিপদ পণ্ডিত

শোনগো আকাশ, শোনগো নদী, শোনগো দখিন হাওয়া, 
তোমাদের কাছে আমার গ্রামের খবর যাবে কি পাওয়া?
অপরূপা সেই গ্রামটি আমার বড় শান্ত স্নিগ্ধ নিরিবিলি,
উদাসী পবন বয় সেখানে রাতে চাঁদের চিকন ঝিলিমিলি। 
পারজানা নাম আমার সে গ্রাম যেথা ঝাউয়ের মর্মর,
কুলুকুলু নদী বয়ে যায় পাশে শান্ত সোনালী বালুচর।
আমার সেই গ্রামে সূর্য ওঠে দূরের গ্রামে গিয়ে ডোবে,
দোসর আমার পরমা প্রকৃতি তোমাদেরও হৃদয় ছোঁবে।
প্রতিদিন কত লোক আসে যায় বিকেলবেলায় বসে হাট,
ডাঁয়ে বাঁশের সাঁকোয় খাল পেরোলে বাঁয়ে খাঞ্জাপুরের মাঠ।

গ্রামের ভিতর আজো কি আছে ছায়া সুশীতল বটবীথি?
বন্য শৃগাল, ডাহুক কি ডাকে, পাখিরা কি শোনায় গীতি?
এখনো কি বাজে রাখালিয়া বাঁশি, মাঠে চরে গরুর পাল?
ভোরে উঠে কি কিশোরীমোহন মাঠে গিয়ে জোড়ে হাল?
গ্রামের মাঝখানে পুকুরটা কি আছে ঠাকুরথানের পাশে?
এখনো কি সে পুকুরে পদ্ম ফোটে ভোমরা আসে সুবাসে?
আজো কি আছে আমার গ্রামের পুরানো সে বৈভব?
মাঘ সংক্রান্তির দিন চণ্ডীতলায় বসে কি মহোৎসব?
গ্রামে আছে যারা প্রান্তিক চাষী যাও কি তাদের কাছে?
কেমন আছে আব্দুল চাচা, আজও কি বেঁচে আছে?

শক্তিপদ পণ্ডিত
কলকাতা, পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.