অটোয়া, শুক্রবার ২১ আগস্ট, ২০২৬

অনিমেষ মন্ডল-র দু’টি কবিতা

By Ashram | প্রকাশের তারিখ August 21, 2020 | দেখা হয়েছে : 1234
অনিমেষ মন্ডল-র দু’টি কবিতা

জীবন অপরাজয়
মারি ঝড়ে শোকের চোরাস্রোত ভেতর ও বাহিরে
বিমর্ষ সময়ের নিঃস্বতা কেঁপে ওঠে
মরমিয়া হাওয়ায়,
সিঁদুরে মেঘ দেখলে
পথ ঘাটও ডুবে যায় নিঃস্তব্ধ পাথরে
নিদ্রা ঘনিয়ে এলে মূর্ছা যাই কোন এক অদৃশ্য সংকেতে,
দিগম্বর মৃত্যুর গ্রহণ লাগে
সমস্ত বিষাদ ছুঁয়ে চাঁদ ওঠে
স্নিগ্ধতায় হেসে ওঠে বেড়া দেওয়া উঠোন -
এত ক্ষয়, এত লয়, তবুতো জীবন অপরাজয়।

আগুন
শিরদাঁড়া বেয়ে হিমেল বাতাস বয়ে যায়
আর তুমি খুঁজছো আগুন!
আগুন কি পথে কুড়িয়ে পাওয়ার জিনিস?
ক্ষেতের পাঁজরে গোপনে শুয়ে থাকি
ভোর হলে রেশনিং লাইনে চাল ,গম খুঁটতে হয়
তারপর কেমন করে ভেজা চুল্লিতে রাত ঘনিয়ে আসে,
সরসর করে বাঁশপাতা এসে বিঁধে যায়
ক্রোধের শিহরণে নড়ে উঠি
ধীরে ধীরে শরীর, চোখ থেকে নোনা ঝরে
নোনা জলে ডুব দিয়ে আগুনের কথা ভুলে যাই। 

অনিমেষ মন্ডল। পূর্ব মেদিনীপুর

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.