অনুগল্প - পুরনো ওয়ালেট
ওয়ালেটের পরিমন্ডলে ঝাড়পোছ করা হয় না বহুদিন হ'লো। নিজের শরীরের কথা বাদই দিলাম। মনটাও শুকিয়ে বৃষ্টিহীন বিরানায় চৈত্রের দুপুরে একটুকরো পরিত্যাক্ত কাঠ! অথচ ওয়ালেটের স্বাস্থ্যের গতি থামছেই না! এখন এমনই অবস্থা যে পকেটের পেট তাকে আর ধারণ করতে পারছে না! বেচারাকে নিয়ে তাই বসতেই হলো।
কয়েকটা ভিজিটিং কার্ডের দিকে তাকিয়ে তার শানেনজুল আর উদ্ধার করার চেষ্টা বৃথা গেলো! কে কোথায় কবে দিয়েছিলো কিছুই মনে পড়ছে না। ওয়ালমার্ট, হোমডিপোর দু'টো গিফট কার্ড। একটায় এখনো হয়তো স্যাতস্যাতে অবস্থায় ডলার একত্রিশ সেন্ট পড়ে আছে। অন্যটায় তারও কিছু কম হবে নিশ্চয়। নাহ্—ওয়ালেটের স্বাস্থ্য বাড়লেও এই ক'বছরে ঐ অংকের কোনো শ্রীবৃদ্ধি হয়নি সুদে-আসলে!
অসংখ্য পেমেন্ট রিসিপ্ট! খুলছি একটি একটি করে। ভাঁজ খুলে দেখছি আর ভাবছি জীবনে আসলে পাওয়ার চেয়ে পরিশোধের পাল্লাটাই বেশি ভারী! এক একটির দিকে তাকাই আর হাতের মুঠোয় দুমড়েমুচড়ে পাশে ছুঁড়ে ফেলি। কাজটার সাথে কোথাও যেন জীবনের একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছি! দৃষ্টিটা আটকে গেলো হঠাৎ। মুহুর্ত আবেগের এক টর্নেডো অসার করে দিলো বোধ, বিবেক, চেতনার সবটা! কেড়ে নিলো বর্তমান!
‘পাওয়ার অব ইন্ট্রোভার্টস ইন এ ওয়ার্ল্ড দ্যাট ক্যান্ট স্টপ টকিং (The Power of Introverts in a World That Can’t Stop Talking—By Susan Cain)',--- একটি বইয়ের রিসিপ্ট! বছর পাঁচেক আগে কিনেছিলাম। কিনেছিলাম যার জন্যে সে এখন--!? দগদগে ক্ষতের মতো স্মরণ! তরতাজা প্রতিটি নিমেষ। তীরে ফাটল ছিলো। কিন্তু স্বপ্নের ডুগডুগিটা তখনো---!
একটি মুভি চলছে মস্তিষ্কের রিলে! যার প্রথম অংশটা শেষ হয়েছে সবে। দ্বিতীয় কিংবা শেষ অধ্যায়--!? নির্মীয়মাণ নিশ্চয়ই নীরব কুশলীর হাতে। কিন্তু ভাবি না কিছু ও নিয়ে! দৃশ্যের শেষে সবকিছুই তো আপাত অন্ধকার! জানি হৃদয় তবু পথ খুঁজে। পথ খুঁজে মহাবিশ্বের অচেনা অজানা সব অলিতে-গলিতে। পথ খুঁজে আলোর অনন্ত তৃষ্ণায়!
একটি পুরনো ওয়ালেট কী গুপ্তধন না কষ্ট মজুদের আধার!?
জানি না আমি!
ফরিদ তালুকদার। টরন্টো, ক্যানাডা
‘নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন - ফরিদ তালুকদার
By Ashram |
প্রকাশের তারিখ July 20, 2022 |
দেখা হয়েছে : 686
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.